মাদকের সঙ্গে সম্পৃক্ততা ও দায়িত্ব-কর্তব্যে অবহেলার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর থানার ওসি শেখ গণি মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকের সঙ্গে সম্পৃক্ততা ও দায়িত্ব-কর্তব্যে গাফিলতির অভিযোগে জীবননগর থানার ওসি শেখ গণি মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার অধীন পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগও পাওয়া যায়। এর দায় থানার ওসি এড়াতে পারেন না। সেজন্য তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত জেলার কোনো পুলিশ সদস্যকেই ছাড় দেওয়া হবে না। শুধু মাদকই নয় বরং যেকোনো অপরাধের সঙ্গে পুলিশের জড়িত থাকার অভিযোগ পেলে প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।এ কই অভিযোগে গত রবিবার রাতে জীবননগর থানার সাহাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সাহিদুজ্জামানকেও প্রত্যাহার করা হয়।
