মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মোহাম্মদপুর থানার অস্ত্র মামলার সুষ্ঠু তদন্তের জন্য আবারও ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা র্যাব-২-এর উপপরিদর্শক প্রণয় কুমার প্রামাণিক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৪ নভেম্বর অস্ত্র ও মাদক মামলায় রিমান্ড শেষে কাউন্সিলর রাজীবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গত ২০ অক্টোবর তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ওইদিন ভাটারা থানার মাদক মামলায় ১০ ও অস্ত্র আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও)। রাতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মাদক মামলায় সাত ও অস্ত্র মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন রাতে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করেন র্যাব-১-এর ডিএডি মিজানুর রহমান।
গত ১৯ অক্টোবর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা রাজীবকে গ্রেপ্তার করে র্যাব। ওই বাসা থেকে সাতটি বিদেশি মদের বোতল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ৩৩ হাজার টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।
