ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০৯:৫৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেল সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মন্দবাগ রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে রেল সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলেন, ‘রেলওয়ের পক্ষ থেকে দুটি ও জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

রেল সচিব জানান, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ঘটনাস্থলের কাছে বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ে একটি অস্থায়ী ক্যাম্প খোলা হয়েছে।

সেখানে নয়টি লাশ রয়েছে। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি লাশ রয়েছে। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নারী ও পুরুষের দুটি লাশ রয়েছে। আর কুমিল্লা জেলা সদর হাসপাতালে একজন পুরুষের লাশ রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত কারও পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ৭২৪ উদয়ন এক্সপ্রেস-২৯৩৪ মন্দভাগ লুপ লাইনে প্রবেশকালে ঢাকা অভিমুখী ৭৪১ তুর্ণা নিশিতা এক্সপ্রেস-২৯২৩ বিপরীত দিক থেকে আসার সময় সংঘর্ষ হয়।

ওসি শ্যামল কান্তি দাস জানান, উদয়নের অন্তত ২টি কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লাকসাম ও আখাউড়া থেকে উদ্ধারকারী (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। এছাড়া ফায়ার সার্ভিস, পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় অধিবাসীরা উদ্ধার কাজে সাহায্য করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত