ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। আহত ৪৪ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।
দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ধাপে ধাপে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত অনেক রোগীর জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ উল্লেখ করে তা প্রচার করা হচ্ছে।
স্বেচ্ছায় রক্ত দিতে অনেকে এগিয়ে আসছেন। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই দুর্ঘটনার শিকার দুটি ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা হাসপাতালে ভিড় করছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন জানান, এখন পর্যন্ত ৪৪ জনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।
তিনি বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হতে পারে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত এবং শতাধিক আহত হন। দুর্ঘটনার জন্য একটি ট্রেনের চালকের ভুলকে দায়ী করা হচ্ছে।
