‘২৫ নভেম্বরের পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত’

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০২:৪২ এএম

মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির বিষয়ে আগামী ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হবে। এর পরেই বন্ধ থাকা শ্রমিক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ। গতকাল মঙ্গলবার মালয়েশিয়া সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৬ সালে ‘জিটুজি প্লাস’ পদ্ধতিতে শ্রমিক পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে একটি চুক্তি করে সরকার। সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ৫টি খাতে শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য ১০টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ করে দুই দেশ। তবে কার্যক্রম শুরুর আগেই একটি চক্র চুক্তিবদ্ধ কোম্পানিগুলোর সঙ্গে সিন্ডিকেট করে। তারা শ্রমিকদের থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়। বিষয়টি আঁচ করতে পেরে মালয়েশিয়া বাংলাদেশের জন্য শ্রমিক ভিসা স্থগিত করে। যদিও গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত যাদের ভিসা হয়েছিল তাদেরকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এর পর থেকে বাংলাদেশের সরকার সমস্যা সমাধানের চেষ্টা করে চলছে। গত ৬ নভেম্বর এ লক্ষ্যে দেশটি সফর করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে সহযোগিতা চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত