নানার কাঁচির আঘাতে ৯ মাসের নাতনির মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০২:৩৮ পিএম

নানা করম ফরাজীর হাতের কাঁচির আঘাতে মেয়ের কোলে থাকা নয় মাসের শিশু নাতনি মরিয়ম মারা গেছে। বুধবার সকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতবাঁড়ীয়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, করম ফরাজী ও তার স্ত্রী ফয়জুরী ঝগড়া করছিলেন। এ সময় তাদের মেয়ে জাপানি বেগম শিশু মরিয়মকে কোলে নিয়ে বাবা-মায়ের ঝগড়া থামাতে আসেন। এক পর্যায়ে করম ফরাজী তার স্ত্রীকে হাতে থাকা কাঁচি দিয়ে কোপ দিলে জাপানির কোলে থাকা শিশু মরিয়মের মাথায় লাগে। 

এ সময় গুরুতর আহত অবস্থায় শিশু মরিয়মকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মরিয়ম সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের জাহাঙ্গারি শেখের মেয়ে।

নিহতের মা জাপানি বেগম বলেন, ‘আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি। সকালে আমার মা ও বাবা ঝগড়া করছিল, ঝগড়ার এক পর্যায় বাবার হাতে থাকা কাঁচি দিয়ে মায়ের ঘায়ে আঘাত করে কিন্তু আমি ফিরাতে গিয়ে আমার কোলে থাকা মেয়ের মাথায় আঘাত লাগে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে জানান।

কালকিনি উপজেলা স্বাস্থ্য (প. প.) কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জানান, অনেক রক্তক্ষরণের ফলে শিশু মরিয়ম মারা গেছে বলে জানান চিকিৎসক।

এ ঘটনায় রাজৈর থানার এসআই জোবায়ের হোসেন জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত