ফরিদপুরের নগরকান্দা ও সালথা আ. লীগের সম্মেলন স্থগিত

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০৯:৩৩ পিএম

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। কেন্দ্রের নির্দেশে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা এ নির্দেশনা দিয়েছেন। আগামী শনিবার নগরকান্দার এমএন একাডেমি মাঠে এ দুই উপজেলার সম্মেলন হওয়ার কথা ছিল। 

এর আগে সালথা ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সম্মেলন আহ্বান করে বিভিন্ন মহলে চিঠি দেওয়া হয়। গত ৮ নভেম্বর সালথায় এবং ৯ নভেম্বর নগরকান্দায় বর্ধিত সভা করা হয় ওই দুই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে। দুই বর্ধিত সভায় দলের নিবেদিতপ্রাণ ব্যক্তিদের বাদ দিয়ে, হাইব্রিড (অনুপ্রবেশকারী) এবং দলে নব্য যোগদানকারীদের নিয়ে বিতর্কিত ও অগঠনতান্ত্রিকভাবে সভা করা হয়েছে বলে প্রশ্ন ওঠে। এ অভিযোগ তোলেন ওই দুটি উপজেলা আওয়ামী লীগের দুই সভাপতি যথাক্রমে সালথার দেলোয়ার হোসেন ও নগরকান্দার আয়মন আকবর চৌধুরী।

সালথা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জানান, গত শুক্রবার সালথায় কথিত ওই বর্ধিত সভার ব্যানারে সভাপতিত্ব করবেন দেলোয়ার হোসেন লেখা থাকলেও তাকে বর্ধিত সভার বিষয়টি জানানো হয়নি।

অপরদিকে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী গত রবিবার জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার কাছে অভিযোগ করেন।

সত্যতা নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা জানান, কেন্দ্রের নির্দেশে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত