জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজকে লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চান না দলটির চেয়ারম্যান জি এম কাদের। গতকাল বুধবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই ছাত্রসমাজ লেখাপড়ার পাশাপাশি নিজেদের নেতৃত্বের বিকাশ ঘটাবে। এ দেশে ছাত্রদের গৌরবোজ্জ্বল ঐহিত্য ছিল। তারা শুধু নিজের অধিকার নয়, জাতীয় স্বার্থে আন্দোলন-সংগ্রাম করে জীবন উৎসর্গ করেছে। কিন্তু বর্তমানে ছাত্রদের ঐতিহ্য কিছুটা মøান। এখন সাধারণ মানুষ ছাত্রদের ভয় পায়। সম্মানের পরিবর্তে আতঙ্ক মনে করে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।’
তিনি বলেন, ‘মেধা ও দেশপ্রেম দেখে আগামী দিনে ছাত্রসমাজের নেতৃত্ব নির্বাচন করতে হবে। এখন রাজনৈতিক দলগুলো থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তারা জাতীয় পার্টিকে শক্তিশালী দেখতে ও আস্থা রাখতে চায়। আশা করি, ছাত্রসমাজের নেতাকর্মীরা তাদের এ প্রত্যাশা পূরণ করবে।’
