ফরিদপুরে আ.লীগের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১০:৩১ পিএম

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে কোতোয়ালি থানার সিঅ্যান্ডবি ঘাট এলাকার ডিক্রিরচর ইউপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে জাহাঙ্গীর ফকির (২৬), বাবু ফকির (৩২), তাবু ফকির (২৮), কামাল বেপারী (৪৫), হেলাল বেপারী (৫৫) ও সাবির হোসেন (২৭) বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

স্থানীয়রা জানান, ডিক্রিরচরের গোলডাঙ্গির খালে মাছ চাষকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মিন্টু ফকির ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু ফকিরের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে বুধবার সন্ধায় ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের অফিসে গ্রাম আদালতে সালিস হয়। সেখানে মিন্টু ফকির ও আবু ফকিরসহ তাদের সমর্থকরা উপস্থিত হন। বাগ্্বিতণ্ডার একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় উভয়পক্ষের লোকজন আহত হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ইউপি চেয়ারম্যান মিন্টু ফকির দেশ রূপান্তরকে বলেন, ‘আবু ফকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। সালিসের সময় আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারা। আমি দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।’

আবু ফকির অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান মিন্টু ফকির সালিসে পক্ষপাতিত্ব আচরণ করেন। তার সমর্থকদের হামলায় আমার পাঁচজন কর্মী আহত।’

কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত