মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আক্কাস খানকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শারিস্তাবাদ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গত ৭ নভেম্বর এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আক্কাস খানকে ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুর ইসলামের লোকজন পিটিয়ে মারাত্মক জখম করে। আশঙ্কাজনক অবস্থায় আক্কাস খানকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
