ঢাকার কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জ থানা হাজত থেকে গত ৭ নভেম্বর সন্ধ্যায় হত্যা মামলার আসামি মো. ইয়ামিন (১৮) ছয় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে ইয়ামিনকে পুনরায় গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সদরঘাট লঞ্চ টার্মিনালে এমভি কীর্তনখোলা লঞ্চে রুবেল (২২) নামে এক বাবুর্চিকে খুন করে ঐ লঞ্চের হোটেলের বয় ইয়ামিন পালিয়ে যায়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ইয়ামিনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়।
হত্যা মামলায় তদন্তভার পান এসআই আবু সিদ্দিক। মামলার পলাতক আসামি ইয়ামিনকে গত ৭ নভেম্বর গ্রেপ্তার করে থানায় এনে পরিদর্শক অপারেশনস কক্ষে জিজ্ঞাসা করেন এসআই সিদ্দিক ও এসআই মিযান।
জিজ্ঞাসাবাদ শেষে আসামি ইয়ামিনকে ঐ রুমে রেখেই এসআই সিদ্দিক ও মিযান রুম থেকে বের হয়ে যান। তখন সুযোগ বুঝে আসামি ইয়ামিন কৌশলে হাতকড়া খুলে কর্তব্যরত ডিউটি অফিসার এসআই জহিরুল ইসলামের সামনে দিয়ে পালিয়ে যায়।
