হাকিমপুরে লেপের কারিগরদের ব্যস্ততা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১০:৪৯ পিএম

উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুরে খানিকটা আগেভাগেই শীতের আমেজ পড়তে শুরু করেছে। এতে করে শীতের আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোশক তৈরি করতে ক্রেতাদের ভিড় বেড়েছে দোকানগুলোতে, দোকানি ও কারিগররাও ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন তারা এসব তৈরিতে। তবে শীতের তীব্রতা বাড়লে বেচাকেনাও বাড়বে বলে জানিয়েছেন দোকানি ও কারিগররা।

শীত পড়তে শুরু করায় হাকিমপুরের হিলি বাজারের বিভিন্ন তুলার দোকান ও লেপ-তোশক তৈরির কারখানাগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়েছে এসব দোকান ও কারখানা।

হিলি বাজারের লেপ-তোশক তৈরির কারিগর লুৎফর রহমান ও সবুজ হোসেন জানান, বছরের বেশিরভাগ সময়ই আমাদের বসে বসে সময় কাটাতে হয়। শীতের দুই-তিন মাস কাজের ব্যস্ততা বেশি থাকে। ইতিমধ্যেই শীত পড়তে শুরু করেছে, যার কারণে আমাদের মৌসুম শুরু হয়ে গেছে। এতে করে লেপ-তোশক তৈরির কাজের চাপ যেমন বেড়েছে তেমনি আমাদের ব্যস্ততাও বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ক্রেতাদের চাহিদা মতো লেপ-তোশক তৈরি করে এসব ডেলিভারি দিতে হচ্ছে। একেকজন কারিগর প্রতিদিন ৫-৬টি করে লেপ বানাচ্ছি, তাতে করে আমরা ৫-৬শ টাকার মতো হাজিরাও পাচ্ছি। আশা করছি সামনে কাজের পাশাপাশি মজুরিও বাড়বে।

হিলি বাজারের তুলার দোকানি আবদুল খালেক বলেন, বছরের মধ্যে শীতের দুই-তিন মাস আমাদের লেপ-তোশক বিক্রিও যেমন বাড়ে তেমনি কারিগররা ব্যস্ত সময় পার করেন। কিন্তু বাকি ৮-৯ মাস অনেকটা অলস সময় পার করতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত