ন্যান্সি পেলোসি

ট্রাম্প ঘুষ সাধার কথা স্বীকার করেছেন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১০:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ইস্যুতে তার ঘুষ সাধার কথা স্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

গত বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির সামনে অভিশংসন তদন্তের প্রকাশ্য শুনানি শুরু হয়। প্রকাশ্য শুনানির দিন প্রচুর সাংবাদিক ও আইনপ্রেণেতা শুনানিকক্ষে উপস্থিত ছিলেন। এ ছাড়া কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় শুনানি প্রক্রিয়া সরাসরি দেখেছেন।

শুনানির পরদিন গত বৃহস্পতিবার পেলোসি বলেন, ‘এখন পর্যন্ত প্রেসিডেন্ট কী কী স্বীকার করেছে দেখুন এবং বলেছেন, তিনি সঠিক কাজই করেছেন। আমি বলব, সেগুলো সম্পূর্ণরূপে অন্যায়। ওটা ঘুষ দেওয়ার প্রস্তাব ছিল।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময়ে একটি ভুয়া তদন্ত নিয়ে সরকারি বিবৃতি দেওয়ার বিনিময়ে সামরিক সহায়তা দেওয়া বা প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাবকে ঘুষই বলে। ওটা নিজের সুবিধার জন্য ঘুষ সাধা।’

যুক্তরাষ্ট্রে আগামী বছরই প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনালাপ ইস্যুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মনে করছেন বিশ্লেষকরা। ডেমোক্রেট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কিকে টেলিফোনে চাপ দিয়েছেন বলে অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের কয়েকটি গোয়েন্দা সংস্থা ওই ফোনালাপের তথ্য হাতে পেয়েছে বলে দাবি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত