ফরিদপুর মেডিকেল কলেজের এমবিবিএস শেষবর্ষের শিক্ষার্থী নয়ন চন্দ্র নাথকে গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার কলেজ কর্র্তৃপক্ষ কোতোয়ালি থানায় জিডি করেছে।
নয়নের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুরে। তার বাবার নাম মৃত দিলীপ চন্দ্র নাথ। বন্ধু মো. ওয়াকিফ উল আলম জানান, নয়নের ইচ্ছে ছিল সার্জন হওয়ার। কিন্তু আঙুলে সমস্যা থাকায় সে সার্জন হতে পারবে না জানার পর বেশ কিছুদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
নয়নের ভাই উত্তম কুমার নাথ বলেন, ‘খবর পেয়ে আমরা ফরিদপুরে এসেছি। সম্ভাব্য সব জায়গায় সন্ধান করছি। কিন্তু এখনো তাকে পাইনি। ও রুমমেটকে বলে গেছেÑ আমি একটু আসতেছি। কিন্তু সে আর ফেরেনি। অপহরণ নাকি নিজ থেকে নিখোঁজ, আমরা কিছু বুঝতে পারছি না।’
কলেজের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে থ্রি-কোয়ার্টার প্যান্ট ও টি-শার্ট পরে ছাত্রাবাস থেকে বের হন নয়ন। কিন্তু পরে তার কক্ষে মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া যায়।
এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সকালে নয়ন পরীক্ষা দিতে আসেনি। পরে দুপুরে ছাত্ররা তার নিখোঁজের বিষয় আমাকে জানায়। এরপর আজ (গতকাল) বিকেলে জিডি করেছি। আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতনদের জানানো ছাড়াও নিজস্ব জনবল দিয়ে সন্ধান করা হচ্ছে।’
