চট্টগ্রামে ভূমিমন্ত্রী

দলের নাম ভাঙিয়ে দুর্নীতি বরদাশত করা হবে না

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১০:৫৬ পিএম

দলের নাম ভাঙিয়ে কেউ দুর্নীতি করলে তা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় তার প্রয়াত বাবা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ভূমিমন্ত্রী আরও বলেন, ‘আমার বাবা সততার সঙ্গে রাজনীতি করেছেন। আমিও তার আদর্শ অনুসরণ করি। কোনো অসৎ ব্যক্তির দায়ভার আমি নিতে পারব না।’

তিনি বলেন, ‘আমার বাবা রাজনীতির জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। সাধারণ মানুষের কল্যাণে তিনি নিজেকে উজাড় করে দিতেন। বাবার প্রত্যেকটি জানাজায় মানুষের ঢলই তার প্রতি ভালোবাসার প্রমাণ। তিনি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।’ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত কাজে দলকে আমি কখনো ব্যবহার করি না। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি। আপনাদেরও সততার সঙ্গে কাজ করতে হবে। দলে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।’

উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সামশুদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত