বাবরি মসজিদ-রাম মন্দির মামলার রায় নিয়ে বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির সংসদ সদস্য মনসুখ ওয়াসওয়া।
তার দাবি, বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে বলেই অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট থেকে ‘অনুকূল’ রায় পাওয়া গেছে।
আনন্দবাজার জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের বারুচের এই জনপ্রতিনিধির মন্তব্যের নিন্দা জানিয়ে তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।
অবশ্য চাপে পড়ে মনসুখ বলেছেন, ‘বিজেপি সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষম, এই কথাটাই বলতে চেয়েছি।’
অযোধ্যার রায় বেরোনোর পরে খড়্গপুরের সংসদ সদস্য দিলীপ ঘোষও একই দাবি করেছিলেন।
বৃহস্পতিবার বারুচে দলীয় কর্মীদের এক সভায় মনসুখ বলেন, ‘স্বাধীনতার আগে থেকে অযোধ্যা আন্দোলন চলছে। মনে রাখবেন, এখন বিজেপি সরকারে আছে বলেই সুপ্রিম কোর্ট থেকে আমাদের অনুকূলে রায় পাওয়া গেছে।’
বক্তৃতাটির ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হইচই পড়ে যায়। কংগ্রেসের অভিযোগ, রায় নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন মনসুখ।
এদিকে বাবরি মসজিদের জমির বদলে অন্যত্র পাঁচ একর জমি নেবে না বলে জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড এবং সুন্নি ওয়াক্ফ বোর্ড। তাদের এই অবস্থানে সুপ্রিম কোর্টের অবমাননা হয় কিনা সেটা আইনজ্ঞদের কাছে জানতে চাইছেন তারা।
সুন্নি ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান জুফার ফারুকি বলেন, ‘অযোধ্যা রায়ের পরে নিজেদের অবস্থান নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে যাতে কোনোভাবে তা সর্বোচ্চ আদালতের কাছে অবমাননাকর মনে না হয়।’
জমিয়তে উলেমা-ই-হিন্দের কার্যকরী সমিতিও বৃহস্পতিবার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও অন্যত্র পাঁচ একর জমি নেওয়া হবে না।
