ধামরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য আটক

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০৫:৪৩ পিএম

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ সক্রিয় চার সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেল, ১৩ শত পুরিয়া হেরোইন ও বিপুলসংখ্যক চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  

শনিবার দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান। এর আগে শুক্রবার রাতভর ধামরাই, মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকেরা হলেন- খুলনা জেলার লবণচোরা থানার মাতাভাঙ্গা গ্রামের আব্দুল গাফফারের ছেলে সেলিম হোসেন (৩৫), খুলনা জেলার রূপসা থানার বাগমারা গ্রামের ইদ্রিস ফরাজির ছেলে বাদশা ফরাজি (২৮) ওরফে আজিজ শেখ এবং রবিউল ফরাজি (২৬), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কানুটিয়া গ্রামের মনু মোল্লার ছেলে নাজমুল হাসান মুন্না (২৫)। এরা মোটরসাইকেল চুরিসহ নানা অপরাধের সাথে জড়িত।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা উত্তর) সাইদুর রহমান জানান, আটক এই চোর চক্রের সদস্যরা ঢাকার ধামরাইসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোটরসাইকেল ও অন্যান্য সরঞ্জাম চুরির সাথে জড়িত। এদের দলনেতা নাজমুল  হাসান মুন্নার নেতৃত্বে চক্রটি চুরি ছাড়াও বিভিন্ন সময় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এছাড়া এই চক্রের বাদশা ফরাজি নামে আরেকজনের নামে দেশের বিভিন্ন থানায় আটটি মামলাও রয়েছে।  

তিনি আরো বলেন, ইতিপূর্বে ধামরাই এলাকায় বিভিন্ন সময় বেশ কিছু মোটরসাইকেল চুরি যাওয়ার ঘটনা ঘটে। এর সূত্র ধরেই ধামরাই থানা পুলিশ এই চক্রটিকে আটক করতে তৎপরতা চালিয়ে আসছিল। পরে শুক্রবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত ধামরাই, মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় অভিযান চালিয়ে চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় চোর চক্রের মূল হোতা নাজমুলসহ তার সঙ্গীয় আরো তিন জনকে। এছাড়া এই চক্রটির নিকট থেকে ১৩ শত পুরিয়া হেরোইন ও চুরি যাওয়া আরো বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত