ফকিরহাটে ইসরাফিল শেখ (৩২) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ইসরাফিলের অভিযোগ, নির্মাণাধীন খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে নানা অনিয়ম, দুর্নীতির তথ্য গণমাধ্যমে তুলে ধরায় তার ওপর এ হামলা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গত শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’-এ বাগেরহাটে নির্মাণাধীন খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে নানা অনিয়ম ও দুর্নীতির হরিলুট-৩ নামে প্রতিবেদন প্রচার হয়।
জাড়িয়া মাইটকুমড়া গ্রামের ছাত্তার শেখের ছেলে ইসরাফিলের অভিযোগ, সকালে বাড়ি থেকে বাগেরহাট শহরে আসার পথে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলমের বাড়ির সামনে পৌঁছলে প্রতিবেশী আজিজুল হকের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আজিজুল ওই প্রকল্পের ভূমি অধিগ্রহণে ভুয়া জমির মালিক সেজে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার এই দুর্নীতির তথ্য গণমাধ্যমকে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। এ প্রকল্পের জন্য তাদের জমিও অধিগ্রহণ করা হয় বলেও জানান তিনি।
ইসরাফিল বলেন, ‘খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পে সরকার জমি অধিগ্রহণে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়। ওই জমি অধিগ্রহণের শুরুতে স্থানীয় জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে বেশকিছু লোক ভুয়া জমিমালিক সেজে সরকারের মোটা অঙ্কের টাকা উত্তোলন করে নেয়। তার মধ্যে আজিজুল অন্যতম। যার তথ্যপ্রমাণ আমার হাতে রয়েছে। সম্প্রতি ওই অনিয়ম, দুর্নীতির তথ্যপ্রমাণ তুলে ধরে স্থানীয় লোকজন বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান তালাশকে সাক্ষাৎকার দেয়। আমি ওই তালাশ টিমকে সহযোগিতা করায় ক্ষুব্ধ হয়ে আজিজুল আমার ওপর হামলা চালায়। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ইসরাফিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।’ ইসরাফিল সুস্থ হয়ে ফিরে এলে হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে বলেও জানান ওসি।
এদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন আজিজুল। তিনি বলেন, ‘প্রতিবেশী ইসরাফিল সম্প্রতি আমার ছোট ভাইয়ের বউ নাসরিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তা না পেয়ে ইসরাফিল নাসরিন ও ভাতিজা মিরাজের ওপর হামলা চালায়। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’
