ভোলার ঘটনায় ৬ দফা দাবি আদায়ে স্মারকলিপি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১১:২৩ পিএম

ভোলার বোরহানউদ্দিনে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, অনতিবিলম্বে অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিসহ ৬ দফা দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ।

গতকাল রবিবার দুপুরে সংগঠনের সভাপতি আবদুর রহমান খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাতে স্মারকলিপি তুলে দেন।

ধর্ম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির বিধান, ফেইসবুকে ‘ধর্ম অবমাননাকারী’ ভোলার বিপ্লব চন্দ্র শুভর সর্বোচ্চ শাস্তি, সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ ৬ দফা দাবি স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

পরে একই দাবিতে শহরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন হয়। এতে জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. মোবাশ্বিরুল হক নাঈম লিখিত বক্তব্য পাঠ করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত