লুইজিয়ানায় গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১১:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার গভর্নর নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে রাজ্যটির শীর্ষ পদে বসছেন ডেমোক্রেটিক পার্টির জন বেল এডওয়ার্ডস। ৫১ শতাংশ ভোট পেয়ে তিনি রিপাবলিকান প্রার্থী এডি রিসপনিকে হারিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

লুইজিয়ানায় রিপাবলিকান প্রার্থীর এ পরাজয়কে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। দলীয় প্রার্থীকে সমর্থন জোগাতে ট্রাম্প গত দুই সপ্তাহে তিনবার দক্ষিণের এ রাজ্যটিতে গিয়েছিলেন। চলতি মাসে রক্ষণশীলদের আরেক ঘাঁটি কেন্টাকির গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটরা জিতেছিল।

২০১৫ সালের গভর্নর নির্বাচনে প্রধমবার জিতেছিলেন ৫৩ বছর বয়সী এই ডেমোক্র্যাট। নিজেকে ‘রক্ষণশীল ডেমোক্র্যাট’ হিসেবে পরিচয় দেওয়া এডওয়ার্ডস বারাক ওবামা আমলের স্বাস্থ্যসেবা নীতির সমর্থক হলেও গর্ভপাত ও বন্দুক নিয়ন্ত্রণের ঘোরবিরোধী।

এদিকে পরাজয় মেনে নিয়ে সমর্থকদের নিরাশ না হতে অনুরোধ করেছেন রিপাবলিকান রিসপনি। তিনি বলেন, ‘আমাদের লজ্জিত হওয়ার মতো কিছু হয়নি। আমরা লুইজিয়ানায় ৭ লাখেরও বেশি মানুষ পেয়েছি যারা আরও ভালো কিছু ও পরিবর্তন চায়।’ ইউক্রেন কেলেঙ্কারির পর যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের ভোট আগের তুলনায় কমেছে বলে সাম্প্রতিক বেশ কয়েকটি জরিপে প্রকাশ পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত