দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির (জাপা) দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেছেন, ‘দেশের বড় তিনটি রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় পার্টি হচ্ছে জনসাধারণের আস্থার প্রতীক। দেশের মানুষের আশা জাতীয় পার্টি আরও শক্তি অর্জন করে তাদের ভাগ্য উন্নয়নে অবদান রাখবে।’
গতকাল রবিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিকে জাপার অন্যতম শক্তি হিসেবে তুলে ধরে বলেন, ‘আগামী দিনের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে স্বেচ্ছাসেবক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জাপা চেয়ারম্যান বলেন, ‘সাধারণ মানুষ দেশের রাজনৈতিক শূন্যতা ও সামাজিক অস্থিরতায় বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই প্রত্যাশা করে। কারণ জাতীয় পার্টির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।
তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির সমর্থকগোষ্ঠী রয়েছে। দেশের মানুষ মনে করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্তভাবে দেশ পরিচালনার সামর্থ্য একমাত্র জাতীয় পার্টির রয়েছে।’
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খানসহ স্বেচ্ছাসেবক পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
