পঞ্চগড়ে রেলমন্ত্রী

২০১৪ সালের মতো ট্রেনে আগুন দিচ্ছে বিএনপি-জামায়াত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০১:৪০ এএম

বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালের মতো আবারও ট্রেনে আগুন দেওয়া শুরু করেছে বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। গতকাল রবিবার পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের বোদা পৌরসভার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়া  জোট সরকার রেলকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসপ্রাপ্ত রেল বর্তমান সরকার যখন ঢেলে সাজাতে শুরু করেছে ঠিক তখনই ২০১৪ সালের মতো আবার ট্রেনে আগুন

দেওয়া শুরু করেছে বিএনপি-জামায়াত। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের বগিতে আগুন লাগার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই উল্লাপাড়াতেই তারা গোটা ট্রেন জ¦ালিয়ে দিয়েছিল। যাতে মানুষ রেলে নিরাপদে ও স্বল্প খরচে যাতায়াত করতে না পারে। ৯১-৯২ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ১০ হাজার রেল কর্মকর্তা-কর্মচারীকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দিয়েছে অভিযোগ করে রেলমন্ত্রী বলেন, ১৯৮৬ সালের পর রেলে কোনো নিয়োগ হয়নি। ১২টি লাইন ও ১০০ স্টেশন বন্ধ করে দিয়েছে। ৬৮ হাজার কর্মকর্তা-কর্মচারী থেকে এখন ২৭ হাজারে নেমে এসেছে। জনসংখ্যা বাড়ার কারণে এখন কমপক্ষে এক লাখ ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন।

তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর উজানে ডবল লাইনসহ নতুন সেতু নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। টঙ্গী পর্যন্ত চার লাইন করা হবে। পদ্মা সেতু হলে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ডবল লাইন নির্মাণ করা হবে। পঞ্চগড় থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ এ সরকারের আমলেই শুরু হবে।

রেলমন্ত্রী বলেন, সৈয়দপুর রেল কারখানায় নতুন কোচ নির্মাণ ও ইঞ্জিন মেরামত করা হয়। সেখানে চার হাজার মানুষ কাজ করত। এখন সেখানে মাত্র ১৪শ কাজ করছে। এই কারখানাও ধ্বংস করেছে বিএনপি-জামায়াত জোট সরকার। আমরা এই কারখানাটিকে আরও সক্রিয় করতে কাজ করছি।

এর আগে রেলমন্ত্রী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন। পরে দ্বিতীয় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জাকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও আফছারুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত