মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নোয়াখালী জেলার ভাসানচরে স্থানান্তর করতে চায় সরকার। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক স্তরে আপত্তি তুলেছেন অনেকে। এর পরিপ্রেক্ষিতে ভাসানচর রোহিঙ্গাদের বসবাসের উপযোগী কি না তা যাচাইয়ে গতকাল রবিবার চরটি পরিদর্শনের কথা ছিল জাতিসংঘ প্রতিনিধি দলের। তবে পূর্ব নির্ধারিত সেই সফর পিছিয়ে গেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘রবিবার থেকে তিন দিন পর্যন্ত ভাসানচরে জাতিসংঘের ওই সফর নির্ধারিত ছিল। তবে তা পিছিয়েছে গেছে। কবে এটি হবে, সেটি পরে ঠিক করা হবে।’ তিনি জানান, এ মাসের শুরুতে রোহিঙ্গা টাস্কফোর্সের বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ও জাতিসংঘের বৈঠকে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি উত্থাপিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, জাতিসংঘকে সঙ্গে নিয়েই সেখানে রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত সপ্তাহে রোহিঙ্গা নির্যাতনের তদন্ত শুরুর অনুমতি দিয়েছে। এ অবস্থায় সরকার আশা করছে, যেকোনো সময়ে আইসিসির তদন্তকারী দল বাংলাদেশে আসতে পারে। এ বিষয়ে সরকারের আরেক কর্মকর্তা বলেন, ‘গত ২৮ অক্টোবর আইসিসির সঙ্গে সরকারের একটি চুক্তি সই হয়েছে, যা তাদের তদন্ত শুরু করার পূর্বশর্ত।’ ওই চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং আইসিসির পক্ষে প্রধান কৌঁসুলি ফেতু বেনসুদা সই করেন। আইসিসি যে দেশে তদন্ত করে ওই দেশের সঙ্গে তাদের একটি চুক্তি করতে হয় বলে জানান ওই কর্মকর্তা।
