নওগাঁ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদরী বেগম (২৫) ও তার মেয়ে সম্পা (৬)। তারা সদর উপজেলার বসাইল ইউনিয়নের চক আতিতা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বটতলী ডাক্তারের মোড় এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় আহত হন দুজন। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকার সময় তাদের ট্রাকটি চাপা দিয়ে চলে যায়।
তবে সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি চরজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন।
