কুষ্টিয়ার দৌলতপুরে মা ছানোয়ারা (৪৮) ও ছেলে রাজকে (৯) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
খবর পেয়ে লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, তালাকপ্রাপ্ত ছানোয়ারা খাতুন ছেলে রাজকে নিয়ে নিজ ঘরেই ছিলেন। নিজ বাড়ির শয়নকক্ষে কে বা কারা তাদের শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে যায়।
সোমবার সকালে তাদের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, নিহতদের নিজ বাড়ির দুইটি কক্ষ থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে। এ মুহূর্তে সঠিকভাবে হত্যাকাণ্ডের রহস্য সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে। এখনও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নিহত ছানোয়ারা খাতুন পার্শ্ববর্তী জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
