সোমবার বগুড়ার শিবগঞ্জের উথলীতে বসেছিল মাছ আর মানুষের মিলনমেলা। মেলায় আসা আশপাশের এলাকার হাজার হাজার মানুষ এক কেজি থেকে শুরু করে ১২ কেজি ওজনের মাছ কিনে বাড়ি ফিরেছেন। মাছ বিক্রেতারাও প্রত্যাশামতো ব্যবসা করে ঘরে ফিরেছেন।
মেলার আয়োজক সূত্রে জানা গেছে, এবার দেড় হাজার মণের বেশি মাছ কেনাবেচা হয়েছে। যার দাম কোটি টাকার ওপরে। গত বছরের তুলনায় এবার মাছের দাম বেশি হলেও গতকাল স্থানীয় উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, গরীবপুর, দেবিপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, রহবল, মোকামতলাসহ ১৫ গ্রামের মানুষের ঘরে ঘরে ছিল উৎসবের আয়োজন। প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনদের আগে থেকেই নিমন্ত্রণ করা হয়। পরিবারের সবাইকে নিয়ে তারা নতুন ধানের চালে নবান্ন করেন।
উথলী বাজারের ইজারাদার ওমর ফারুক বলেন, শত বছর বয়সী এই মেলা কয়েক বছর আগেও ক্ষুদ্র পরিসরে হতো। তবে সাম্প্রতিক সময়ে তা ব্যাপকতা লাভ করেছে। পুরো শিবগঞ্জ উপজেলার মানুষ এখানে নবান্নের বাজার করতে আসেন। শহর থেকেও অনেকে সেখানে ছুটে আসেন মাছ কিনতে।
