ফেনীর ফুলগাজীতে বড় ভাইয়ের মৃত্যুদণ্ডের খবর শুনে ছোট ভাই মো. ইয়াছিন (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
রবিবার উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইয়াছিন খাগড়াছড়ি জেলার মাটি রাঙার শুকনাছড়ি গ্রামের আবদুল মালেকের ছেলে।
খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, ইয়াছিন দীর্ঘদিন ধরে ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুরে তার নানার বাড়িতে থাকতেন। তার বড় ভাই মো. শাহিন (২৩) একটি হত্যা মামলার আসামি।
খাগড়াছড়ির আদালত ওই মামলায় ইয়াছিনের বড় ভাই শাহিনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রবিবার এই খবর শুনে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে পুকুরের পাড়ে একটি গাছের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ইয়াছিন।
পরে বাড়ির লোকজন তাকে সেখান থেকে দ্রুত নামিয়ে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
