যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম ওকলাহোমায় বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি দোকানে হামলা চালায় অজ্ঞাত এক বন্দুকধারী। গত সোমবার সকালের ওই হামলায় হামলাকারীসহ অনন্ত তিনজনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ওয়ালমার্ট কর্র্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে ইউএস নিউজ।
ডানকান পুলিশ প্রধান ড্যানি ফোর্ড জানান, স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ আগে হামলাটি হয়। নিহত তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। এর মধ্যে দুইজনের মরদেহ একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়। বাকি একজনের মরদেহ মার্কেটের বাইরে পার্কিং এলাকায় পড়েছিল। এদের মধ্যে একজনকে ওই হামলাকারী বলে ধারণা করা হলেও এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। ইউএস নিউজ এক প্রতিবেদনে জানায়, বন্দুক হামলার ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
