ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের একটি গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তার আরও দুটি গাড়ি নজরদারিতে রাখার জন্য মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে একটি দল এই পদক্ষেপ নেয়।
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলার তদ‡ন্তর অংশ হিসেবে রাজীবের গাড়িটি জব্দ করা হয়। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে সেবা অটোমোবাইল নামে একটি গ্যারেজ থেকে গাড়িটি দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। নীল রঙের গাড়িটি ওই গ্যারেজে সার্ভিসিংয়ের জন্য রাখা হয়েছিল।
দুদক জানিয়েছে, রাজীবের আরও দুটি গাড়ি ওই গ্যারেজের সামনে পাওয়া যায়। এর মধ্যে একটি গাড়ি নম্বরবিহীন ভাঙাচোরা অবস্থায় ছিল। আরেকটি ভালো অবস্থায় থাকলেও ব্যাটারি ডাউন থাকায় চালু করা যায়নি। গাড়ি দুটি নজরদারিতে রাখতে মোহাম্মদপুর থানায় জিডি করা হয়েছে।
ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে গত ১৯ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রাজীবকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়। গত ৬ নভেম্বর রাজীবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক।
দুদকে পাওয়া তথ্যমতে, বিগত চার বছরে কমপক্ষে ১০টি দামি ব্র্যান্ডের গাড়ি কিনেছেন রাজীব। এর মধ্যে সাতটি গাড়ির নম্বর পাওয়া গেছে। সেগুলো হলো– ঢাকা মেট্রো-ম ০০-৬৬৪, ঢাকা মেট্রো-শ ০০-০৬৬৪, মেট্রো-ল ০০-০৬৬৪, মেট্রো-ঘ-১৮-২৬৯৩, ঢাকা মেট্রো ভ-১১-০১৭১, ঢাকা মেট্রো-ঘ ১৪-২৮৫৪, ঢাকা মেট্রো-খ ১১-৭৭৮২। এই গাড়িগুলোর বেশ কয়েকটির রেজিস্ট্রেশন নেই।
