ভারতে ব্যাংক প্রতারণার অভিযোগে মঙ্গলবার দুই বাংলাদেশি ও দুই তুর্কি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।
এনডিটিভি জানায়, ত্রিপুরায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এটিএম থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেয়ার অভিযোগে এই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কলকাতায় বসে ক্লোনিং ডিভাইস ব্যবহার করে ত্রিপুরার এটিএম থেকে টাকা তুলে নিত অভিযুক্তরা। ত্রিপুরা পুলিশের সহায়তা নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বারাকপুর গোয়েন্দা পুলিশের একটি টিম ডানলপের কাছে একটি ডেরায় হানা দিয়ে তুরস্কের দুই নাগরিককে গ্রেপ্তার করে।
তাদের জিজ্ঞাসাবাদ করে বেলঘরিয়া থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির নাম মোহাম্মদ হান্নান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম বলে জানা গিয়েছে।
সোমবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক দিব্যেন্দু চৌধুরী, ত্রিপুরার ওই ব্যাংক গ্রাহকদের কাছ থেকে এই ধরনের অন্তত ৪৫ টি অভিযোগ পেয়েছিল। আগরতলার বিভিন্ন এটিএম থেকে তাদের অর্থ বের করে নেয়া হচ্ছিল।
প্রতারকচক্র অটোমেটেড টেলার মেশিনে বা এটিএমে স্কিমিং ডিভাইস ইনস্টল করে নেয়। বিশেষ ডিভাইসটির সাহায্যে তারা ব্যবহারকারীদের ডেবিট কার্ড ক্লোন করতে সক্ষম হতো। এর মাধ্যমে ডেভিড কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে টাকা আত্মসাৎ করত।
