দুর্বৃত্তের আগুনে পুড়ল বৈদ্যুতিক মিটার

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০৭:২৬ পিএম

বাগেরহাট শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়ির মালিকদের ৯টি বৈদ্যুতিক মিটারে গত মঙ্গলবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাশকতার অভিযোগ এনে বুধবার দুপুরে ক্ষতিগ্রস্তরা থানায় জিডি করেছেন।

পুরাতন বাজারের ক্ষতিগ্রস্ত বাসিন্দা শেখ মনিরুজ্জামান মান্না জানান, রাত ১২টার দিকে তিনি বাড়ির বাইরের অংশে দেয়ালের মিটারে হঠাৎ আগুন দেখতে পান। খবর পেয়ে দমকলকর্মীরা এসে আগুন নেভায়। আগুনের ধরন দেখে মনে হচ্ছে, এটি শর্টসার্কিট নয়, নাশকতা। আমলাপাড়ার বাসিন্দা লিপিকা রানী পাল জানান, রাতে বিকট শব্দে বাইরে এসে বিদ্যুতের মিটার জ্বলতে দেখি। বাড়ির সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার জানান, চারটি স্থানে ৯টি মিটার পুড়ে গেছে। পরীক্ষা করে দেখেছি, ত্রুটির কারণে এ আগুন লাগেনি। বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দীন জানান, প্রায় একই সময়ে মিটারগুলোতে আগুন লেগেছে। ক্ষতিগ্রস্তরা জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত