রাজধানীর বনশ্রীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যান চাপায় আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
তবে এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বনশ্রীর সি ব্লকের ৫ নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বনশ্রীর সি ব্লকের, ৫ নম্বর রোডে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। তখন সেস্টি ফুড কোম্পানির দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।
পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে মাসুম ভুইয়া জানান, তারা বনশ্রীর বি ব্লকের ৫ নম্বর রোডের ১০ নম্বর বাসায় থাকে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভুইয়া বাড়ি। তার বাবা মৃত শফিকুর রহমান ভুইয়া। ৫ ভাই ও ৩ বোন তারা।
ছেলে আরও জানান, প্রতিদিন সকালে হাঁটতে বের হন তার মা। আজও সকালে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। হাঁটা শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনার শিকার হন।
