সাভারে র‌্যাবের অভিযানে ২০ লাখ টাকার নকল প্রসাধনী ধ্বংস

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৩:২৪ পিএম

সাভারে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিভিন্ন নকল প্রসাধনী সামগ্রী তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ধ্বংস করা হয়েছে কারখানাটিতে তৈরি করে রাখা প্রায় ২০ লাখ টাকা মূল্যের সতেরো প্রকারের প্রসাধনী সামগ্রী।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সাভারের দেওগাঁও এলাকার ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিমিটেড কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। এসময় বিএসটিআই ও র‌্যাব-৪ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লি. কোম্পানির মালিক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহানেগ গ্রামের মমরেজ মোল্লার ছেলে নাজমুল হক (৪০) এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার কুষ্টিয়া জেলার খোকশা থানার নিশ্চিন্তবাড়িয়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে কুতুব উজ্জামান (৩৭)।

র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোসস্তফা জানান, দীর্ঘদিন ধরে সাভারের দেওগাঁও এলাকায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে ফেসিয়াল, হেয়ার জেল, আফটার সেভ ও লোশনসহ প্রায় ১৭ প্রকারের নকল প্রসাধনী তৈরি করে আসছিল ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লি. নামক প্রতিষ্ঠানটি।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানাটিতে তৈরি বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রীর মান যাচাই করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ২০ লাখ টাকা মূল্যের ১৭ প্রকারের নকল প্রসাধনী সামগ্রী চিহ্নিত করে তা জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া নকল পণ্য তৈরি ও তা বাজারজাতকরণের অভিযোগে ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লি. কোম্পানির মালিক নাজমুল হককে ২ লাখ ও ম্যানেজার কুতুব উজ্জামানকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত।

এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠান ও জড়িতদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫৩ ধারায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত