হালিশহর পাইকগাছা ও আশাশুনি

ছাত্র ব্যবসায়ী ও গৃহবধূ খুন

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১০:২৪ পিএম

চট্টগ্রাম নগরীর হালিশহরে কলেজছাত্রকে ছুরিকাঘাতে, খুলনার পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে এবং সাতক্ষীরার আশাশুনিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিন হত্যাকাণ্ডেই জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো, ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবরÑ

চট্টগ্রাম : হালিশহরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ হত্যায় জড়িত থাকার অভিযোগে তার এক বন্ধুকে ছুরিসহ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে হালিশহর থানার বড়পুল পিডিবি অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইরফান আহমেদ হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে। তিনি কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক আবদুল হামিদ জানান, বিকেল ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় ইরফান আহমেদ নামে একজনকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে জখমের চিহ্ন আছে।

হালিশহর থানার ওসি এস এম ওবায়দুর রহমান বলেন, কিছুদিন আগে কথা-কাটাকাটির জেরে ইরফান ও তার বন্ধু সাদ্দামের মধ্যে ঝগড়া হয়। এরপর চার দিন আগে ইরফানকে দেখে শাসিয়ে কথা বলে সাদ্দাম। এতে ক্ষিপ্ত হয়ে ইরফান সেদিন সন্ধ্যায় সাদ্দামকে মারধর করেন। এর জেরে সাদ্দাম তাকে হত্যার পরিকল্পনা করে একটি ছোরা কেনে। গতকাল বিকেলে পিডিবি অফিসের সামনে ইরফানকে ছুরিকাঘাত করে সাদ্দাম। এলাকাবাসীর সহায়তায় সাদ্দামকে আটক করা হয়েছে।

খুলনা : পাইকগাছায় আবদুস সালাম গাজী (৫৫) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। নিহত সালাম গাজী পূর্ব গজালিয়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে।

সাতক্ষীরা : যৌতুকের দাবিতে সাতক্ষীরার আশাশুনির ডুমুরপোতায় স্বামী ও শাশুড়ি কর্র্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আশাশুনি থানার ওসি আবদুস সালাম বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় দুপুরেই স্বামী প্রশান্ত সরকার ও শাশুড়ি সবিতা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। নিহত গৃহবধূর নাম স্বপ্না রানী ম-ল (২০)। তিনি একই উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের পরিমল ম-লের মেয়ে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত