পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদী পারাপারের সময় যন্ত্রচালিত খেয়া নৌকাডুবির ঘটনায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী টুম্পা আক্তারের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ পাওয়া যায়। টুম্পা উপজেলার আমরাজুড়ির গিয়াসউদ্দিন ফকিরের মেয়ে।
গত বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব আমরাজুড়ি ফেরিঘাটের পন্টুনে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে টুম্পা নিখোঁজ ছিল। বরিশাল ও কাউখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব আমরাজুড়ি ফেরিঘাট থেকে পিইসি পরীক্ষার্থীসহ ২৫-৩০ যাত্রী ও পাঁচটি মোটরসাইকেল নিয়ে একটি যন্ত্রচালিত খেয়া নৌকা সন্ধ্যা নদী পাড়ি দেওয়ার আগে যাত্রীরা হুড়োহুড়ি করে উঠতে গেলে ঘাটে নোঙররত অবস্থায় ডুবে যায়।
