১৬৪ ধারায় জবানবন্দি

‘পাওনা টাকা, স্ত্রীর প্রতি কুনজর দেওয়ায় হত্যা’

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১০:২৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আবদুর রব (৪৮) হত্যার রহস্য উদঘাটন করেছে পঞ্চগড় ডিবি পুলিশ। এ হত্যার ঘটনায় জড়িত পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার যোগীগছ গ্রামের আবদুল মজিদর ছেলে মানিক (৪৮), তার স্ত্রী আফরোজা বেগম (৪৫) ও ছেলে আমান (২১) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি বলেন, ক্লুলেস চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য ৩৪ দিনেই উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গত বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুল হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকা-ের বর্ণনা দিয়ে মানিক জানান, পাওনা টাকা এবং স্ত্রীর প্রতি কুনজর দেওয়ায় রবকে তিনি হত্যা করেন। পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রবের মোবাইল উদ্ধার এবং লাশ বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গত ১৮ অক্টোবর সকালে তেঁতুলিয়ার ব্রহ্মতল গ্রামের ঝিকদহ সেতুর কাছে মস্তকবিহীন একটি লাশ উদ্ধারের পর হত্যা মামলা করে পুলিশ। মামলার তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলামকে। প্রযুক্তি ব্যবহার করে ওইদিন বিকেলেই লাশের পরিচয় জানতে পারে পুলিশ। পরে ২২ অক্টোবর ডিবি পুলিশ উপজেলার আজিজনগর গ্রামের হাইওয়ের পাশে নুরুল ইসলামের চা-বাগান থেকে উদ্ধার করা হয় রবের খণ্ডিত মাথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত