রাজ দায়িত্ব ছাড়লেন প্রিন্স অ্যান্ড্রু

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১১:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারির জেরে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। ডিউক অব ইয়র্কখ্যাত রানী এলিজাবেথের দ্বিতীয় ও ‘সবচেয়ে প্রিয়’ এই সন্তান বলেছেন, এপস্টেইন কেলেঙ্কারি ব্রিটিশ রাজপরিবারের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাচ্ছে বলেই তিনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন।

বুধবার বাকিংহ্যাম প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বকে ‘অবিবেচনাপ্রসূত’ বলেও বর্ণনা করেছেন যুবরাজ অ্যান্ড্রু।

ব্রিটিশ যুবরাজের বিরুদ্ধে অভিযোগ, যৌনতার উদ্দেশ্যে মানবপাচারের কয়েকটি অভিযোগে বিচারাধীন অবস্থায় কারাগারের ভেতরেই আত্মহত্যা করা যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ্রি এপস্টেইনের সরবরাহ করা ১৭ বছরের এক তরুণীর সঙ্গে যৌন মিলন করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রু।

গত শনিবার বিবিসির এক সাক্ষাৎকারে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলেন তিনি। এরপরই যুবরাজের বিরুদ্ধে সমালোচনার ঝড় শুরু হয়। কারও দাবি, ওই সাক্ষাৎকারে প্রিন্স নিজের পক্ষে যুক্তি সেভাবে তুলে ধরতে পারেননি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও প্রিন্স অ্যান্ড্রু সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। এর মধ্যেই বুধবার রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। পাশাপাশি এপস্টেইনকে নিয়ে তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এপস্টেইন চলতি বছর আগস্টে জেলের ভেতরেই আত্মহত্যা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত