নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের জের ধরে দুই মাস ধরে বন্ধ রয়েছে একমাত্র আবাসিক হল ভাষাশহীদ আব্দুস সালাম হল। ফলে আবাসন সংকটে বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।
গত ১ সেপ্টেম্বর ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের সময় ভাঙচুরের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন হলটি বন্ধ করে দেয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রায় ৮ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে ৫টি হল। যার একটি ছাত্রদের ও দুটি হল ছাত্রীদের জন্য বরাদ্দ।
২৪ ফেব্রুয়ারি নোবিপ্রবির ২য় সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন করেন। নতুন হল উদ্বোধন হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার হয়। কিন্তু উদ্বোধনের পর নানামুখী জটিলতায় শিক্ষার্থীদের হলে ওঠাতে বিলম্ব হয়। অবশেষে ৭ মাস পর গত ২৩ সেপ্টেম্বর ছাত্রদের জন্য বরাদ্দ আব্দুল মালেক উকিল হল থেকে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের স্থানান্তরিত করা হয়। তা ছাড়া ফজিলাতুন্নেছা মুজিব হলের সঙ্গে শুরু হওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রী হলের কাজ এখনো শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে তারও কোনো নিশ্চয়তা দিতে পারছে না প্রশাসন।
ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রদের একমাত্র হলটি বন্ধ হয়ে যাওয়ায় ছাত্ররা পড়েছেন দুর্ভোগে। হলটির শিক্ষার্থীদের থাকতে হচ্ছে বন্ধুবান্ধবদের মেসে। হলটি কবে চালু হবেÑ এ ব্যাপারে প্রশাসন থেকে এখনো কিছুই জানানো হয়নি।
ব্যবসায় প্রশাসন বিভাগের ২য় বর্ষের ছাত্র সারোয়ার জাহান আরাফাত বলেন, ‘আমরা যারা হলে ছিলাম হঠাৎ করে হল বন্ধ হওয়ায় নিরুপায় হয়ে চড়া দামে বাসা ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। সংঘর্ষের ঘটনায় হল বন্ধের দুই মাস পার হলেও এখনো চালু হয়নি।’
