সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বাহিনীর খেতাবপ্রাপ্ত ২১ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন। এ সময় তিনি ২০১৮-১৯ সালে নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৬ নৌসদস্যকে শান্তিকালীন পদক দেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে নৌসদর সাগরিকা হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা ও শান্তিকালীন পদক দেওয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে আরও জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের পরিবার, ৪ জন বীরউত্তম, ৭ জন বীরবিক্রম, ৮ জন বীরপ্রতীক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং পরিবারের সদস্যরা, কর্মকর্তাগণ ও বিপুলসংখ্যক নৌসদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, ইআরএ-১-এর কন্যা নুরজাহান বেগম সম্মাননা গ্রহণ করেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা কমোডর আব্দুল ওয়াহেদ চৌধুরী, বিএন (অব.) বীরউত্তম, বীরবিক্রম, লে. কমান্ডার মো. জালাল উদ্দিন, বিএন (অব.) বীরউত্তম ও মরহুম আফজাল মিয়া, ইআরএ-১ (অব.) বীরউত্তমের স্ত্রী মরিয়ম আফজালসহ উপস্থিত অন্যান্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
