চট্টগ্রামে বাল্যবিয়ে থেকে বাঁচল স্কুলছাত্রী

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০১:২৬ এএম

চট্টগ্রামে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক ছাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর বাকলিয়ার তুলাতুলী ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তার বিয়ে বন্ধ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। একই সঙ্গে বর ও কন্যার বাবাকেও জরিমানা করেন তিনি।

ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার দেশ রূপান্তরকে বলেন, ‘দুপুরে ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে পটিয়া চরকানাই এলাকার মোহাম্মদ নজরুল ইসলামের মেয়ের (১৫) সঙ্গে কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার হাফেজ ছগির আহমদ খোকনের (৩২) বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে খবর পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পেয়ে তা বন্ধ করে বর ও মেয়ের বাবাকে জরিমানা করি।’

বাল্যবিবাহ নিরোধ আইনে বর ছগির আহমেদকে ৫০ হাজার এবং কনের বাবা নজরুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট তাহমিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত