নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যমানের একটি ডিম্বাকৃতির কষ্টিপাথরসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার নাজিরপুর বাজারের পাশে বাবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া নয়েল সরকারের ঘর থেকে পাথরটি জব্দ করা হয়।
এ সময় পাচারকারী চক্রের অন্যতম হোতা নয়েল সরকার (৩৮) পালিয়ে যায়। তবে মো. আলমগীর (১৯) নামে চক্রের একজনকে আটক করেছে পুলিশ। আটক আলমগীর ওই উপজেলার ছয় টাক্কার ব্রিজ এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালিয়ে আলমগীরকে আটক এবং গোলাকার পাথরটি জব্দ করা হয়েছে। এর ওজন ৬ কেজি ৭০০ গ্রাম।
ওসি আরও জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নয়েল সরকার ও মো. আলমগীরসহ অজ্ঞাত তিন-চারজনের নামে থানায় মামলা দেওয়া হচ্ছে। তাছাড়া আটক আলমগীরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
