ঝালকাঠিতে আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে রাজাপুর-ভাণ্ডারিয়া সড়কে সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মিলন মাহমুদ বাচ্চুর সভাপতিত্বে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাংসদ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বজলুল হক হারুনের নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার ৬টি ইউনিয়ন ও ৫৪টি ওয়ার্ডের আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এমপি বজলুল হক হারুন।
অপরদিকে একই সময়ে উপজেলার ডাকবাংলো মোড় এলাকায় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক খায়রুল আলম সরফরাজের নেতৃত্বে রাজাপুর উপজেলা সম্মেলন প্রস্তুতি কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়।
দুদিন ধরে আওয়ামী লীগের উভয় পক্ষের সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করেছিল। উৎকণ্ঠা ও উত্তেজনা দেখা দেওয়ায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় উপজেলাজুড়ে। পুলিশের কঠোর অবস্থানের মধ্যেই দু’পক্ষ শান্তিপূর্ণ সমাবেশ করেছে। রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন বলেন, উভয় পক্ষের সভা শান্তিপূর্ণ হয়েছে।
