নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর উলাই’য়াহ বাংলাদেশের চট্টগ্রাম আঞ্চলিক প্রধানসহ ১৫ সদস্য আটক হয়েছে। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে। নগরের দামপাড়া পুলিশ লাইনসে গতকাল শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম।
আটক হওয়া ব্যক্তিরা হলেন সংগঠনটির প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯), নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মোহাম্মদ করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিমুদ্দিন (৩১), মো. আজিমুল হুদা (২৪), আফজাল হোসেন আতিক (৩৫), মো. সম্রাট (২২), ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইসমাইল (২৫), আব্দুল্লাহ আল মাহফুজ (৩০) ও নাসিরুদ্দিন চৌধুরী (২৯)।
আবুল মোহাম্মদ এরশাদুল আলম চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তিনি বাঁশখালীর কালীপুর ইউনিয়নের গুনাগরী এলাকার আবুল কাশেমের ছেলে। বর্তমানে বায়েজিদ চক্রেসো কানন আবাসিক এলাকায় থাকেন তিনি।
সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম জানান, হিযবুত তাহ্রীরের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম স্কুল-কলেজের মেধাবী শিক্ষার্থীদের সংগঠনে অন্তর্ভুক্ত করান। পাশাপাশি বিএনসিসির সম্পৃক্ত শিক্ষার্থীদের বেশি টার্গেট করেন। কোচিংয়ে যাওয়ার নামে বাসা থেকে বেরিয়ে তারা জঙ্গিবাদে যুক্ত হয়ে পড়ে। সন্তানরা কে কোথায় যাচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের নজর বাড়ানোরও তাগিদ দেন তিনি।
অভিযানে নেতৃত্ব দেওয়া নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ দেশ রূপান্তরকে বলেন, বেশ কয়েক দিন ধরে হিযবুত তাহ্রীরের সদস্যদের নগরের আশকারদীঘি, কাজির দেউড়িসহ আশপাশের এলাকায় পোস্টার ও লিফলেট বিলি করার তথ্য আমাদের কাছে আসে। পরে এসব এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা করা হয়। পরবর্তী সময়ে পরিকল্পনা অনুযায়ী তাদের নজরদারিতে রাখা হয়। গত শুক্রবার দুপুরে আন্দরকিল্লা জামে মসজিদের সামনে লিফলেট বিলি করার সময় ওয়ালিদ ইবনে নাজিম ও মো. ইমতিয়াজ ইসমাইল নামে দুই সদস্যকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের তথ্যানুযায়ী শুক্রবার সন্ধ্যা থেকে ৫ টিমে ভাগ হয়ে অভিযান শুরু করি। এই অভিযানে নগরের নতুন চান্দগাঁও আবাসিক, বায়েজিদে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। তাদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সাঁড়াশি অভিযানে হিযবুত তাহ্রীরের ১৫ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সংগঠনের ২ লাখ ৮২ হাজার টাকা, দুইটি ল্যাপটপ ও ডিভাইস, প্রচারপত্র, গঠনতন্ত্র, ট্রেনিং ম্যানুয়েল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
