বিএসএফের পুশ-ইনের পর ৩২ জনকে আটক করল বিজিবি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০১:৫৪ পিএম

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের পর ৩২ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুশ-ইন করে বলে জানায় আটককৃতরা।

রবিবার ভোরে যশোর জেলার বেনাপোলের দৌলতপুর সীমান্তের একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের ১৭ জন পুরুষ, ১৩ জন নারী ও দুজন শিশু। তারা নিজেদের বাড়ি বাগেরহাট, মুন্সীগঞ্জ ও মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় বলে দাবি করেছে।

৪৯ বিজিবির বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হোসেন জানান, ভারত থেকে অবৈধপথে বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। পরে বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে অভিযান চালিয়ে ১৭ জন পুরুষ, ১৩ নারী ও দুই শিশুকে আটক করা হয়।

আটক জরিনা বেগম (৩৫) জানান, দীর্ঘদিন ধরে তারা ভারতের বেঙ্গালুরু শহরে বসবাস করে আসছেন।

তিনি বলেন, তারা সেখানকার বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সেখানকার পুলিশ তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে আটক করে দেশে ফেরত পাঠায়।

আটক আলমগীর খান (৪৫) বলেন, ‘আমরা একই পরিবারের সাতজন দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে বসবাস করে আসছি। স্ত্রী ও বোনসহ আমরা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেছি।’

তিনি বলেন, ভারতীয় পুলিশ তাদের ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশে ফিরে যেতে বলে। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে তুলে দেয়।  তারাই ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবি আমাদের আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত