‘বিস্ময় পেসারের’ বয়স বিতর্কের জবাব দিল পাকিস্তান

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০২:১৪ পিএম

ষোলো বছর বয়সে টেস্ট খেলা পাকিস্তানের পেসার নাসিম শাহের বয়স বিতর্ক যেন থামছেই না। এ বার মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সাংবাদিক সাজ সাদিকের পুরোনো এক টুইটে বিতর্কের সূত্রপাত। ২০১৮ সালের ১ ডিসেম্বর তিনি টুইট করেছিলেন নাসিমের বয়স ১৭ জানিয়ে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকের সময় তার বয়স ১৬ বলে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সাদিকের সেই টুইট। সেই টুইট সামনে এনে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ গত ২২ নভেম্বর টুইট করেন, ‘দেখে তো দুর্দান্ত প্রতিভা বলেই মনে হচ্ছে। কিন্তু ওর বয়স এখন ১৬। বয়স পেছনের দিকে চলছে বলে মনে হচ্ছে।’

এই পরিস্থিতিতে পিসিবির সিইও ওয়াসিম খান বলেছেন, ‘আপনারা নাসিমের মুখের দিকে তাকান। তাতে বয়স বাড়ার কোনো লক্ষণ নেই বললেই চলে। ও অনেক পরিণত। এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বলে লোকে প্রশ্ন তুলছে। কিন্তু আসল কথা হল ওর বয়স মোটে ১৬ বছর। ভারতীয়রা কী ভাবছে তাতে আমাদের কিছু আসে-যায় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত