১০০ টাকায় পেঁয়াজ কিনেই নাভিশ্বাস কলকাতায়

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৭:২১ পিএম

কলকাতার বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি চড়েছে ১০০ রুপি। এই নিয়েই হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। বাজারে গিয়ে মাথায় হাত উঠেছে সাধারণের। এই খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলা সংস্করণ।

সাম্প্রতিক বাংলাদেশ-ভারতের টেস্ট ম্যাচকে শরণ নিয়ে শিরোনামে বলা হয়, ‘গোলাপী মরশুমে শহরে সেঞ্চুরি ছুঁল পেঁয়াজের দাম।’

সংবাদমাধ্যমটি লিখেছে, সব সেঞ্চুরি আনন্দের নয়। এক কিলো পেঁয়াজ কিনতে খরচ এখন ১০০ টাকা। এত দাম দিয়ে পেঁয়াজ খাওয়া সম্ভব নয়। তাই এক কিলো পেঁয়াজ তুলতে চাইছে না শহরবাসী।

চর চর করে বাড়ছে পেঁয়াজের দাম। পাঁটুলি বাজারে এক পেঁয়াজ ব্যবসায়ী জানিয়েছেন, “মালিকরা পেঁয়াজের দাম কোনো দিন বস্তা পিছু রাখছে হাজার তিনেক টাকা কোনো দিন তিন হাজার পাঁচশ টাকা। পোস্তায় পুলিশ হানা দিয়েছে, কাজেই বাজারে পেঁয়াজের দাম বাড়াতে হচ্ছে। পেঁয়াজের দাম বাড়বে বৈকি কমবে না।”

শিয়ালদহ কোলে মার্কেটের পেঁয়াজ পট্টির ব্যবসায়ীরাও বেশ চিন্তায় পড়েছেন। এর আগে কখনো পেঁয়াজের দাম এতটা বাড়তে দেখেনি শহরবাসী। গত সপ্তাহতেও প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা।

অন্যান্য সবজির দাম জানিয়ে লিখেছে, শুধু পেঁয়াজ নয়, অগ্নিমূল্য বাজারের বাকি সবজিও। জ্যোতি আলু ২০ টাকা প্রতি কিলো, আদা ১৬০–২০০ টাকা প্রতি কিলো, নতুন আদা ১০০–১২০ টাকা প্রতি কিলো, মটরশুঁটি ১০০ টাকা কিলো, পেঁয়াজ কলি ১০০ টাকা কিলো, পটল ৪০-৪৫ টাকা প্রতি কিলো, ঢ্যাঁড়স ৫৫-৬০ টাকা প্রতি কিলো, কুমড়ো ৩০ টাকা প্রতি কিলো, উচ্ছে ৬০ টাকা প্রতি কিলো, ঝিঙে ৪০-৫২ টাকা প্রতি কিলো, বেগুন ৪০-৫০ টাকা প্রতি কিলো, টমেটো ৫০ টাকা প্রতি কিলো, লঙ্কা ২৫-৪০ টাকা প্রতি কিলো, গাজর ৭৫-৮০ টাকা প্রতি কিলো, বাঁধাকপি ৩০-৪০ টাকা প্রতি কিলো, ফুলকপি প্রতি পিস ১০- ২০ টাকা, বরবটি ৬০ –৭০ টাকা প্রতি কিলো, করলা ৫০–৬০ প্রতি কিলো, লাউ ১২ –১৪ টাকা প্রতি কিলো, পেঁপে ১৫-২০ টাকা প্রতি কিলো, সিম ৩৫-৪০ টাকা প্রতি কিলো, রসুন ৩০০ টাকা কিলো, বিনস ৮০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত