হযরত খানজাহান (রহ.) মাজার দিঘিতে বৃদ্ধের লাশ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:৩৮ এএম

বাগেরহাটে দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে শহরের অদূরে ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার দিঘির মহিলাঘাট থেকে ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তার নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

বৃদ্ধের পরনে চেক লুঙ্গি ও রঙিন শার্ট রয়েছে। তার চুল সাদাপাকা, গায়ের রং ফর্সা।

বাগেরহাট সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয় খাদেমরা ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার দিঘির মহিলাঘাটের পানির মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে ৮০ বছর বয়সী অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে।

মাজারের মসজিদে নামাজের ওজু করতে দিঘির ঘাটে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর আসল কারণ জানতে মরদেহটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নামপরিচয় জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত