ডাক্তারদের ধারণা ছিল কিডনিটির ওজন একটু বেশিই হবে। কিন্তু অপসারণ করার পর তারা যা দেখলেন, তাতে চোখ ছানাবড়া!
বিবিসি জানিয়েছে, দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের চিকিৎসকেরা রোগীর পেট থেকে প্রায় সাড়ে সাত কেজি (৭ কেজি ৪০০ গ্রাম) ওজনের কিডনি অপসারণ করেছেন। এটিকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে বড় কিডনি। যা দুটি নবজাতক শিশুর ওজনের সমান!
সাধারণত একটি কিডনির ওজন ১২০-১৫০ গ্রাম হয়।
ওই রোগীর কিডনির পুরোটা জুড়ে টিউমার হয়েছিল। এই ধরনের রোগে কিডনির আকার বেড়ে যায়।
ড. শচীন কাঠুরিয়া বলছেন, ‘ইনফেকশন না হলে আমরা সাধারণত কিডনি অপসারণ করি না। এই রোগীর রক্তক্ষরণ এবং ইনফেকশন দুটোই ছিল। তার অন্য কিডনিটি আরও বড়!’
তিনি জানান গিনেস রেকর্ড অনুযায়ী সবচেয়ে বড় কিডনির ওজন সাড়ে চার কেজি। তবে ইউরো জার্নালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এক রোগীর কিডনি ছিল ৯ কেজি! নেদারল্যান্ডসে পাওয়া গিয়েছিল ৮.৭ কেজির একটি।
