ক্রিপ্টোসম্রাজ্ঞী রুজা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:০২ পিএম

ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় বিটকয়েন বেশ পরিচিত নাম। এই কয়েনকে টেক্কা নিয়ে নিজের আখের গোছাতে বুলগেরিয়ান নারী ব্যবসায়ী রুজা ইগনাতোভা বাজারে এনেছিলেন ওয়ানকয়েন। রুজার ব্যক্তিত্বের চমক আর মার্কেটিং পলিসির কারণে ওই কারেন্সির পেছনে বিপুল পরিমাণ অর্থও বিনিয়োগ হয়।

নিজেকে ‘ক্রিপ্টোকুইন’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া রুজা ২০১৬ সালের জুনেও ছিলেন ইংল্যান্ডের উইম্বলির একজন সফল ব্যবসায়ী। ক্রিপ্টোকারেন্সির দুনিয়া থেকে বিটকয়েনকে দুই বছরের মধ্যে বাজার থেকে নিশ্চিহ্ন করতে তখন থেকেই তার যাত্রা শুরু।

সারা বিশ্ব থেকে বিপুলসংখ্যক মানুষ তার ওয়ানকয়েনে নতুন অর্থনৈতিক বিপ্লবের আশায় বিনিয়োগ করেন। ২০১৬ সালের প্রথম ছয় মাসে শুধু ব্রিটিশরাই তিন কোটি পাউন্ড বিনিয়োগ করেন ওয়ানকয়েনে। ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত চার বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হয় এই কয়েনে। বিনিয়োগকারীর তালিকায় পাকিস্তান থেকে ব্রাজিল, হংকং থেকে নরওয়ে, কানাডা থেকে ইয়েমেন– এমনকি ফিলিস্তিনও রয়েছে।

অর্থ তখনই মূল্যবান, যখন এর সঙ্গে ‘বিশ্বাসযোগ্যতা’ ও ‘স্বীকৃতি’ থাকে। পাউন্ডের স্বীকৃতি যেমন ব্যাংক অব ইংল্যান্ড অথবা সাধারণ কোনো দোকান, যেখানে এক পাউন্ডের বিনিময়ে একটি কলম পাওয়া যায়। অনেক দিন ধরেই নতুন এক ধরনের স্বাধীন ডিজিটাল মুদ্রা তৈরির পেছনে অনেক মানুষের চেষ্টা ব্যর্থ হয় শুধু ‘বিশ্বাসযোগ্যতা’ না পাওয়ার কারণে।

এই সমস্যা ব্লকচেইন নামের একটি ডেটাবেইস দিয়ে দূর করেছিল বিটকয়েন। বিটকয়েনের মালিকরা স্বাধীন কিন্তু তারা অভিন্ন কপি। প্রতিবারই যখন একজন অপরজনকে বিটকয়েন পাঠান, তখন সেই লেনদেনের রেকর্ড জমা হয় ব্লকচেইনে। এই ব্লকচেইনের কর্তৃত্ব নেই কারও হাতে। ফলে সবার কাছে রেকর্ড থাকলেও লেনদেন কোথা থেকে করা হয়েছে তা বের করা যায় না।

জেন ম্যাকঅ্যাডাম তার এক বন্ধুর কাছ থেকে বিনিয়োগের নতুন এক মাধ্যম সম্পর্কে জানতে পারেন। ওয়ানকয়েন সম্পর্কে অনলাইনে জেনে বিনিয়োগের সিদ্ধান্ত নেন তিনি। তিনি নিজে ১০ হাজার পাউন্ড বিনিয়োগ ছাড়াও তার আত্মীয়স্বজনদেরও আড়াই লাখ ডলার বিনিয়োগে উদ্বুদ্ধ করেন তিনি।

২০১৭ সালের অক্টোবরে পর্তুগালের লিসবনে ইউরোপিয়ান ওয়ানকয়েন প্রোমোটারদের এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে রুজার হাজির হওয়ার কথা থাকলেও তাকে সেদিন দেখা যায়নি। অনেকে ভেবেছিলেন তাকে হয়তো হত্যা করা হয়েছে। তবে গোয়েন্দারা জানান, লিসবনের ওই অনুষ্ঠানের দুই সপ্তাহ পর রায়ানায়ারের একটি ফ্লাইটে করে রুজা সোফিয়া থেকে এথেন্সে যান। আর সেখান থেকেই তার আর কোনো খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত