আলবেনিয়ায় ভূমিকম্পে নিহত ১৩ আহত ৬ শতাধিক

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:০৩ পিএম

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের প্রাণহানিসহ ছয় শতাধিক আহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধ…তি দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় একাধিক নাগরিক নিখোঁজ রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। আমেরিকান ভূতাত্ত্বিক সংস্থা জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১২ মাইল গভীরে। রাজধানী তিরানা থেকে ১৩ মাইল দূরের বন্দরনগরী দারাসে ছিল সেটির উপকেন্দ্র।

অবশ্য আলবেনিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র এডি রামা সিএনএনকে জানিয়েছেন, ভূমিকম্পের তাণ্ডবে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দারাসে চার, থুমানে দুই, কুরবিনে ভবন থেকে লাফিয়ে পড়ে এক এবং লিজে শহরের ক্ষতিগ্রস্ত সড়কে বেপরোয়া গাড়ি চালিয়ে একজনের প্রাণহানি হয়। আলবেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ৩২৫ জনের আহত হওয়ার কথা জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ইতালি ও গ্রিসসহ প্রতিবেশী দেশগুলো উদ্ধার কাজে সহযোগিতা করছে। অন্য দেশের রাষ্ট্রপ্রধানরাও খোঁজখবর রাখছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানকার বড় বড় ভবন ধ্বংস হওয়ার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ভূমিকম্পের তাণ্ডবের কারণে দারাস, লিজে ও তিরানার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত